মানিকগঞ্জ প্রতিনিধি
বাউলগানের অনুমতি চেয়ে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন শিল্পীরা। গতকাল জেলা বাউল শিল্পীদের আয়োজনে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে তারা আলী দেওয়ান, জালাল সরকার, তাপসী সরকার, হেলাল সরকার ও আমজাদ দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গান বন্ধ থাকায় বাউল শিল্পীরা দীর্ঘদিন বেকার। ফলে তারা পড়েছেন অর্থনৈতিক সমস্যায়। বাউল শিল্পীরা গান বাজনা ছাড়া অন্য কাজ করতে পারেন না। স্বাস্থ্যবিধি মেনে গান করার অনুমতি দেওয়ার জন্য আবেদন জানান বক্তারা। করোনার জন্য গত মার্চ থেকে সব ধরনের অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলেও বাউল গান চালু হয়নি।
