পার্ক উন্নয়নে কাজ করতে চায় ভারত
ইত্তেফাক রিপোর্ট
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মেয়র আতিকুল ইসলাম ভারতের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের মধ্যে নগর পরিকল্পনা ও নাগরিক সেবা প্রদানে একে অন্যের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। এতে উভয় দেশের শহরগুলো আরো সমৃদ্ধ হবে। বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকা শহরে ডেইলি ইনটিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ইনটেলিজেন্ট সিকিউরিটি সিস্টেম, ইনটেলিজেন্ট লাইটিং সিস্টেম, উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উন্নয়ন ইত্যাদি বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
