জিন্দাপার্কে দর্শনার্থীদের ওপর হামলা, আহত ৪

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৮

স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোনসেট ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের জিন্দাপার্কে গতকাল দর্শনার্থীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গুলশান থানার শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা এ হামলার শিকার হন। হামলায় ডা. বেলাল ও তার স্ত্রী সুমাইয়া, শ্যালক ফাহিম ও বড় ভাই সুমন মিয়া আহত হন। এ ঘটনায় ডা. বেলাল হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০/১৫ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, বিকালে জিন্দাপার্কে ডা. বেলাল হোসেন ও তার মা, নববিবাহিত স্ত্রী, ছোট ভাইবোন, শ্যালক, ফুপুসহ ১০ জন মিলে ঘুরতে আসেন। এক পর্যায়ে বখাটে রোমান মিয়া ও তার সহযোগীরা নারীদের উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করে। প্রতিবাদ করায় রোমান ও তার সহযোগীরা ডা. বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পরে পার্ক কর্তৃপক্ষকে জানালে সেখানেও ডা. বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যদের মারধর করে সন্ত্রাসীরা। এ সময় তারা স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোনসেটসহ সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। আহত ডা. বেলাল হোসেন, তার স্ত্রী সুমাইয়া, শ্যালক ফাহিম ও বড় ভাই সুমন মিয়াকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পার্কের পরিচালক শাহীন মিয়া বলেন, টিকিট কেটে অনেকেই পার্কে আসেন। দর্শনার্থীদের নৈতিক চরিত্র ঠিক না হলে পার্কেও নারীদের স্বাধীন চলাফেরা কঠিন হয়ে উঠবে। তবে বখাটেদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে অভিযু্ক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।