যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাসের রিভিউর রায় মঙ্গলবার

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২২:২২

যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাসের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের পুনঃ শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আগামী মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করে দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মুহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি ওবায়দুল হাসান।

গত বছরের ১১ জুলাই এই রিভিউ পিটিশনের ওপর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে আপিল বিভাগে নতুন বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি ওবায়দুল হাসান। এ কারণে রায় ঘোষণা না করে গতকাল পুনঃ শুনানির জন্য রিভিউ পিটিশন কার্য তালিকায় আনা হয়। সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরুর পর মামলার উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, রিভিউ পিটিশন পুনঃ শুনানির জন্য কার্য তালিকায় এনেছি। কারণ বেঞ্চে একজন নতুন বিচারপতি যুক্ত হয়েছেন। সেজন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ, আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

২০০৩ সালের ১৫ অক্টোবর একটি হত্যা মামলায় দুই আসামি আতাউর মৃধা ওরফে আতাউর ও আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। এরপর ঐ রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। এসব আবেদনের শুনানি নিয়ে ২০০৭ সালের ৩০ অক্টোবর হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আপিল করেন। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আদালত যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাসসহ সাত দফা অভিমত দেন। এরপর আপিলের ঐ রায় পুনর্বিবেচনার আবেদন করেন। গত বছরে ঐ রিভিউ পিটিশনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল।