শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাবিশ্বে করোনা সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। শিক্ষাকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ঠিক সেখানেই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মন্ত্রী বলেন, ‘এই বিশ্ব স্থবিরতার মধ্যে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিইউপি শুরু থেকেই অনলাইন ক্লাস, পরীক্ষাসহ অন্য সব প্রশাসনিক কার্যাবলী সচল রেখেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের আহ্বানে সাড়া দিয়ে বিইউপি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অনন্য।’
গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর সেনানিবাসে বিইউপির বিজয় অডিটোরিয়ামে একটি শিক্ষাবান্ধব সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে এখন বেশি জোর দিতে হবে গবেষণার ক্ষেত্রে। তবেই বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে সক্ষম হবে। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, অনেকগুলো কারণেই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো র?্যাংকিংয়ে স্থান পায় না। উচ্চশিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
অনুষ্ঠানে কম্প্রিহেনসিভ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, রিমোট প্রক্টরিং এবং প্লেজিয়ারিজম চেকার নামে শিক্ষাবান্ধব সফটওয়্যারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অনলাইনে ক্লাস পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তথ্য আদান-প্রদান, শিক্ষার্থীদের সার্বিক একাডেমিক অগ্রগতি বিষয়ক রিপোর্ট, প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীর প্রোফাইল ব্যবস্থাপনা, ভিডিও আপলোড ও যে কোনো প্রকার পরীক্ষা গ্রহণ করা যাবে। এছাড়া স্বয়ংক্রিয়ভাবে লেখার মৌলিকত্ব ও স্বচ্ছতা যাচাই করা সম্ভব হবে।
