জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাক্ষী কমোডর (অব.) গোলাম রব্বানী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু নাসের চৌধুরীকে জামিন দেয়নি আপিল বিভাগ। তবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিত্সা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। চিকিত্সা শেষে তাকে আবার কারাগারে ফেরত নিতে বলা হয়েছে। জামিন আবেদন নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ শুনানি করেন। আসামিপক্ষে ছিলেন নজরুল ইসলাম চৌধুরী।
২০০৪ সালের ১১ এপ্রিল মাইক্রোবাসে করে কর্মস্থলে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রোসেসিং জোনের (কেইপিজেড) তখনকার ব্যবস্থাপনা পরিচালক ও বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী কমোডর (অব.) গোলাম রব্বানী। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজা দেওয়া হয় নাসের চৌধুরীকে।
