রাজধানীর শ্যামপুরে সালাউদ্দিন ফিলিং স্টেশনে রিয়াদ হোসেন (২০) নামে এক কর্মচারীকে আরেক কর্মচারী প্যাট্রল ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয়। গতকাল মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় তিন জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। দগ্ধ রিয়াদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, রিয়াদের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে আইসিইউতে চিকিত্সাধীন ঐ কর্মচারী।
রিয়াদের বাবা মো. ফরিদ হোসেন বলেন, রিয়াদ সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম সালাউদ্দিন ফিলিং স্টেশনে কাজ করত। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তিনি আরো বলেন, ছেলের সহকর্মীরা তাকে প্যাট্রল ঢেলে শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। তবে কী কারণে তারা এ ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
