গাজীপুরে গৃহবধূ হত্যার ঘটনায় সোমবার দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো—গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি পূর্বপাড়া কোনাপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে মো. মোকসেদ আলী (৪২) ও একই এলাকার মো. আলমাছ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক এস এম শাকিল হাসান জানান, গত ২০১৮ সালের ১৩ ডিসেম্বর মহানগরীর সদর থানার পোড়াবাড়ী পূর্বপাড়া (কোনাপাড়া) এলাকার জাকির হোসেনের পুকুরপাড়ে কাদার মধ্যে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩২) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে। পরে নিহত ঐ নারীর নাম শিখা আক্তার বলে পুলিশ নিশ্চিত করে। তার বাড়ি কাপাসিয়ার আড়াল গ্রামে। তার স্বামী আল আমিন দুবাই প্রবাসী। শিখা আক্তার নগরীর ইপসা গেট এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকত। পরে মামলাটি গাজীপুর পিবিআই তদন্তের দায়িত্ব পায়।
এ ঘটনায় গত সোমবার বিকালে আসামি মো. মোকসেদ আলী স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
