করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক আলাউদ্দিন আল আজাদ।
তিনি বলেন, গত ৩০ অক্টোবর থেকে রাশেদুল হাসপাতালে ভর্তি ছিলেন। গত আট দিন ধরে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। গত দুই দিন আগে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান। এর আগে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিল, ক্যানসার ভালো হয়ে যাওয়া পর আক্রান্ত হন করোনায়। তার গ্রামের বাড়ি দিনাজপুর। বর্তমানে পরিবার নিয়ে মোহাম্মদপুরে থাকতেন।
পারিবারিক সূত্র জানায়, তার স্ত্রী আরজিনা খাতুনও করোনায় আক্রান্ত ছিলেন। তবে তিনি সুস্থ হয়ে গেছেন। আদনান নামে তাদের এক পুত্রসন্তান রয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ মেডিক্যাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবুসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
