বাড্ডায় গলা কেটে যুবক খুন

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:৫৮

রাজধানীর বাড্ডা এলাকায় মো. জয়নাল মিয়া নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল জহিরুল ইসলাম সিটির ই ব্লকের ৮ নম্বর রোড থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশনস) মোহাম্মদ ইয়াসিন গাজী বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা জয়নালকে হত্যা করে ফেলে রেখে গেছে। ঐ যুবকের গলা ও পেট কাটা অবস্থায় পাওয়া গেছে। প্রথমে অজ্ঞাত থাকলেও পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তার বাবার নাম মো. আপেল মিয়া এবং মায়ের নাম রেনু আক্তার। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার গুজাদিয়া ১ নম্বর ওয়ার্ডে। পেশায় রিকশাচালক জয়নাল ঐ এলাকায় থাকতেন।

ইয়াসিন গাজী বলেন, কেন এই হত্যাকাণ্ড সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ এরই মধ্যে হত্যার ক্লু উদ্ঘাটনে কাজ শুরু করেছে। শিগগিরই হত্যাকারীরা ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।