ঢাকার বায়ুদূষণ হাইকোর্টের ৯ নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:৫৮

ঢাকা ও আশপাশের এলাকায় বায়ুদূষণরোধে আদালতের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে পদক্ষেপ গ্রহণ করে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে বায়ুদূষণের যে বর্ণনা রয়েছে তা সকলের জন্য ভয়াবহ। এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এটা নাগরিকদের মৌলিক অধিকারসহ বেঁচে থাকার অধিকারকে খর্ব করতে পারে।

ঢাকা শহর ও আশেপাশের এলাকায় বায়ুদূষণ রোধে করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি ৯ দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। এসব নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য হলো—ঢাকা শহরের রাস্তায় পানি ছিটানো, কালো ধোয়া নিঃসারণকৃত গাড়ি জব্দ করা, অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা, লাইসেন্স ব্যতীত চলমান সব টায়ার ফ্যাক্টরি বন্ধসহ ইত্যাদি।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে তখন সরকারের বিভিন্ন সংস্থা পদক্ষেপ নেয়। তাতে দূষণ কিছুটা কমে। কিন্তু সম্প্রতি বায়ুদূষণ বৃদ্ধি পাওয়ায় বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়। একই সঙ্গে ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন চাওয়া হয়। শুনানি শেষে হাইকোর্ট আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার, পরিবেশ অধিদপ্তরের পক্ষে আমাতুল করিম, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে তৌফিক ইনাম টিপু ও ফরিদা ইয়াসমিন।