সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে আহমেদ ফয়সাল (২৬) নামের এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশে ফিরে হিন্দু পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আহমেদ ফয়সালকে গত ২ নভেম্বর গ্রেফতার করা হয়। অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি ধর্মীয় চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে সহিংস কর্মকাণ্ড ঘটাতে চেয়েছিলেন। ইউরোপে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে সিঙ্গাপুরে সন্দেহভাজন ৩৭ জনের ওপর তদন্ত হয়। এতে দেখা যায়, ফয়সাল বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা এবং কাশ্মীরে গিয়ে লড়াই করার পরিকল্পনা করছিলেন।
ফয়সাল নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে ২০১৭ সালের প্রথমদিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যান। আইএসের অনলাইন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে পরের বছরই চরমপন্থার দিকে ঝুঁকে পড়েন তিনি।
