থাই রাজাকে অবমাননায় সাত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন হচ্ছে

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০০:১৫

থাইল্যান্ডে রাজা মাহা ভাজিরালংকর্ণকে অবমাননার অভিযোগে বিক্ষোভকারীদের সাত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করছে পুলিশ। এই প্রথম এ সংক্রান্ত আইনে কাউকে অভিযুক্ত করা হচ্ছে। গতকাল মঙ্গলবার এসব নেতাকে তলব করে পুলিশ। এই আইন ভাঙার অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। গত জুলাই থেকে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমানোর দাবিতে বিক্ষোভ চলছে।

দিনের পর দিন জার্মানির মাটি থেকে থাইল্যান্ডের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন রাজা মাহা ভাজিরালংকর্ণ এই অভিযোগ তুলে তার প্রবেশাধিকার রদের দাবি তুলেছেন জার্মান রাজনীতিকরা। প্রতি বছর মাসের পর মাস রাজা মিউনিখের দক্ষিণের লেক স্টার্নবের্গের তীরের একটি বিলাসবহুল ভিলায় দিন কাটান। এ বছর করোনার বিধিনিষেধ উপেক্ষা করে বাভারিয়ান আল্পসের স্কি-রিসোর্ট গারমিশ-পার্টেনকিরশেনেও থেকেছেন তিনি। অক্টোবরে রাজা থাইল্যান্ডে ফিরে গেলে জার্মানির বামপন্থি দল ডি লিংকে জার্মানিতে তার প্রবেশাধিকার বন্ধ করার দাবি জানায়। কিন্তু সরকার জানিয়েছে, রাজার জার্মানি থেকে থাইল্যান্ডের রাজনীতি নিয়ন্ত্রণের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। —রয়টার্স ও ডয়চেভেলে