এশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র :চীন

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০০:১৭

চীন অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র এশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এক দিন আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়েন ম্যানিলা সফর করেন এবং জানান যে, দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্বে ফিলিপাইন ও ভিয়েতনামের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। রবার্ট ও’ ব্রায়েনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ম্যানিলায় চীনা দূতাবাস এক বিবৃতিতে অভিযোগ করেছে, এটা অযৌক্তিক এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কৌশল। স্নায়ুযুদ্ধের সময়কার মানসিকতার চরম নিন্দা জানিয়ে চীন বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের যেখানে শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত সেখানে দেশটি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক বিবৃতিতে উইঘুর মুসলিম নিয়ে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মন্তব্যের নিন্দা জানিয়েছেন। পোপ তার এক বইয়ে উইঘুর মুসলিমদের ওপর চীনের নির্যাতনের কথা তুলে ধরেছেন। —আলজাজিরা