সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:০৪

কেশবপুর (যশোর) সংবাদদাতা

যশোরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বুধবার কেশবপুরে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন প্রমুখ। তারা সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি খসরু পারভেজ জানান, সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তাছাড়া আগামী সপ্তাহব্যাপী মধুমেলায় আগত প্রধান অতিথিকে স্মারকলিপি দেওয়া হবে।