ফ্লিনকে ক্ষমা করে দিতে চান ট্রাম্প

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২০:৪৩

আলজাজিরা

সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয়ে এফবিআইকে মিথ্যা বলেছেন, এমন অভিযোগে ফ্লিনকে ২০১৭ সালে বরখাস্ত করেছিলেন ট্রাম্প।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার শেষ দিনগুলোতে বেশকিছু মানুষকে ক্ষমা করতে চান। এরই ধারাবাহিকতায় সাবেক সহযোগী ফ্লিনের নাম অন্তর্ভুক্ত করতে চান যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট।

২০১৬ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাশিয়ার দূতের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন ফ্লিন। এই ঘটনা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার আগেই ঘটেছে। পরবর্তী সময়ে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করতে গিয়ে ফ্লিনের গোপন বৈঠকের কথা সামনে আসে। দায়িত্ব গ্রহণের মাত্র ২২ দিনের মাথায় ফ্লিনকে বরখাস্ত করেন ট্রাম্প। তবে ট্রাম্পের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে ঐ তদন্ত হয়েছে এবং সাবেক আর্মি জেনারেল ও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান ফ্লিন ছিলেন একজন ‘ভালো মানুষ’। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা এজেন্সির ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার কথা জানান ট্রাম্প। ২০১৩ সালে স্নোডেন জাতীয় নিরাপত্তা এজেন্সির (এনএসএ) গুরুত্বপূর্ণ একটি ফাইলের তথ্য ফাঁস করে দেন।