এএফপি
সিরিয়ার দামেস্কে মঙ্গলবার রাতে ইসরাইলি বিমান হামলায় ইরানপন্থি মিলিশিয়াদের হয়ে লড়াই করা কমপক্ষে আট যোদ্ধা নিহত হয়েছে। বুধবার ব্রিটেনভিত্তিক মানবাধিকারবিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস (এসওএইচআর) এ কথা জানিয়েছে। খবর এএফপির।
যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ জানায়, রাজধানী দামেস্কের কাছে ইরানপন্থি বাহিনী ও তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহ গ্রুপের একটি অস্ত্র ঘাঁটি এবং তাদের একটি অবস্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে আট যোদ্ধা নিহত হন। তবে তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সিরিয়ার সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দখলকৃত সিরীয় গোলান মালভূমি থেকে মঙ্গলবার রাতে দামেস্কের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর আগে সানার খবরে দামেস্ক প্রদেশের জাবাল আল মানিয়া এলাকায় ইসরাইলি হামলার কথা বলা হয়েছে।
সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইরান ও লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
