সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে শুক্রবারে কোনো ডাক্তার পাওয়া যায় না, এমনকি প্রাইভেট চেম্বারগুলিতেও নয়। হাসপাতালগুলির ইমার্জেন্সিতে কিছু জুনিয়র (ইন্টারনিরত) ডাক্তার পাওয়া যায়, যাঁর কাছে কোনো উপযুক্ত চিকিত্সা পাওয়া যায় না। হাসপাতালে রোগী ভর্তি অবস্থায় দেখা যায়— ডাক্তারগণ সকালে একবার রোগীর সঙ্গে দেখা করার পর সারা দিন আর কোনো খোঁজ থাকে না। নার্সদের দিনে তিন-চার বার দেখা যায়। এ অবস্থায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জোর অনুরোধ—সরকারি ও বেসরকারি সব হাসপাতালে বিষয়ভিত্তিক ডাক্তার কমপক্ষে একজন করে শুক্রবারসহ প্রতিদিন দায়িত্বপালনে ব্যবস্থা করা হোক। হাসপাতালে রোগী ভর্তি অবস্থায় যেন ডাক্তারগণ দু-তিন বার রোগীর সঙ্গে দেখা করেন। সব ডাক্তারের একসঙ্গে শুক্রবারে ছুটি না কাটানোর ব্যবস্থা করার পাশাপাশি ডাক্তারদের ছুটি শিফটিং হিসাবে ধরে একেক জনের সপ্তাহের বিভিন্ন দিনে ছুটির ব্যবস্থা করা যুক্তিযুক্ত মনে করি।
মো. শহিদুল ইসলাম
মিরপুর, ঢাকা
