আলো চাই সেতুতে

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪০

মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাটে আড়িয়াল খাঁ নদীর ওপর ‘শেখ লুত্ফর রহমান সেতু’  ৬৮৬.৭৫ মিটার দীর্ঘ। রাতের বেলায় আলোক স্বল্পতার কারণে দূর থেকে খুঁজে পাওয়া যেন অসম্ভব প্রায়। সেতুটির এপাশ থেকে ওপাশ সৌরবিদ্যুতের মাধ্যমে ৭৬টি লাইটের ব্যবস্থা থাকলেও বর্তমানে তার দুটি-একটি জ্বলে। রাতের আঁধারে যান্ত্রিক বাহনগুলোর নিজস্ব আলোয় কেবল উপভোগ করতে পারা যায়। এমন অবস্থায় সেতুটির আশপাশের মানুষ যাতায়াতের সময় বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। সন্ধ্যা নামতেই পুরো সেতুজুড়ে বিরাজ করে অন্ধকার। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত আবেদন এই যে, অবিলম্বে সেতু আলোকিত করার ব্যবস্থা নিন।

মেহেরুজ্জামান সেফু

শিক্ষার্থী, তিতুমীর কলেজ, ঢাকা