গাজীপুরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪২

গাজীপুর প্রতিনিধি

রাষ্ট্রীয় পাটকল ও বন্ধ কলকারখানা চালুসহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল মহানগরীর চান্দনা চৌরাস্তায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার যুগ্ম-আহ্বায়ক জিয়াউল কবির খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলা শাখার সভাপতি আ. লতিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাহাত আহম্মেদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য জালাল হাওলাদার ও মামুন মিয়া এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সদর থানার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় পাটকল ও বন্ধ কলকারখানা চালুসহ ৯ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া গাজীপুরের গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধেরও জোর দাবি জানানো হয়।