টঙ্গিবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪২

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের ডিবি পুলিশ মঙ্গলবার রাতে টঙ্গিবাড়ীর ধীপুর এলাকা থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো—মো. শরিফুল ইসলাম ও মো. শাহ আলম। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন তারা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। শরিফুলের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের ফুলবাড়ী কামারপাড়া গ্রামে। তার পিতার নাম গিয়াস উদ্দিন শেখ এবং শাহ আলমের বাড়ি টঙ্গিবাড়ীর ধীপুর গ্রামে। তার পিতার নাম বজলুর রহমান।

ডিবির ওসি মোজাম্মেল হক মামুন জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক আইনে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।