ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকদের দাবি উপেক্ষা করে উন্নয়ন টেকসই হবে না। পাটকল-চিনিকল বন্ধ করে সরকার যে ভুল করেছে তা এখনই শোধরানো প্রয়োজন। এ দেশের শ্রমিকরাই ছয় দফা আন্দোলনে জীবন দিয়ে তাকে জনগ্রাহ্য করেছিলেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ঘেরাও আন্দোলন দিয়ে সেটিকে জঙ্গি রূপ দিয়েছিল। মুক্তিযুদ্ধের প্রাক্কালে গাজীপুরের শ্রমিকরাই প্রথমে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। সেই শ্রমিকদের উপেক্ষা করা বা শ্রমিকনেতাদের প্রতি সম্মান না জানানো কেবল দুঃখজনকই নয়, ক্ষমাহীন অপরাধ বলেই গণ্য করা যায়।
গতকাল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদের শোকসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতির বক্তব্যে মেনন এসব কথা বলেন। তিনি বলেন, শফিউদ্দিন ছিলেন নির্মোহ ও আদর্শবাদী ব্যক্তি। শোকসভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান বলেন, শফিউদ্দিন ছিলেন মৃদুভাষী, কিন্তু শ্রমিকদের দাবির প্রশ্নে অনঢ় ও দৃঢ় প্রতিজ্ঞ । আইএলওর দক্ষিণ এশিয়াবিষয়ক শ্রমিক উপদেষ্টা সুলতান আহমেদ বলেন, শফিউদ্দিন ছিলেন শ্রমিক নেতৃবৃন্দের সম্মান রক্ষায় বিশেষভাবে মনোযোগী। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, কমিউনিস্ট নেতা হিসেবে তিনি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। এছাড়া শোকসভায় বক্তব্য রাখেন আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস ও মাহমুদুল হাসান মানিক।
