রেশমশিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হবে —বস্ত্র ও পাট মন্ত্রী

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৩

ইত্তেফাক রিপোর্ট

দেশে রেশমশিল্পের সম্প্রসারণ ও উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও রেশমচাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভায় তিনি এ কথা বলেন। সভায় সংসদ সদস্য ও পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা, বস্ত্র ও পাটসচিব লোকমান হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নতুন ১ হাজার বিঘা জমিতে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণ, রেশম গুটি ক্রয়, রেশমচাষিদের উন্নত প্রশিক্ষণ প্রদান ও আর্থিক সহায়তা করা সম্ভব হবে।