কলেজছাত্রসহ সড়কে ঝরল চার প্রাণ

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৯

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। সংবাদদাতাদের পাঠানো খবর:

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :ভাণ্ডারিয়ায় বুধবার সকাল ১০টার দিকে ট্রলার টেম্পো উলটে মো. হাসান হাওলাদার (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মৃত কলেজছাত্র পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের জুয়েল আহম্মেদ হাওলাদারের ছেলে। সে ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। মাকে নিয়ে ভাণ্ডারিয়া উপজেলার নানাবাড়ি থেকে নিজ বাড়ির দিকে কৈখালী হয়ে যাচ্ছিল হাসান। ভাণ্ডারিয়া-বানাই সড়কের পৌর শহরের কানুয়া সরকারি পুকুরের কাছে পৌঁছলে ট্রলার টেম্পো উলটে চাপা পড়ে তার মৃত্যু হয়। ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাই (চট্টগ্রাম) :মিরসরাইয়ে সকাল ৯টার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত মো. নুর আলম উপজেলার ওসমানপুর ইউনিয়নের মৃত আহমদের রহমানের ছেলে। মিরসরাই পৌর সদরের ওভারব্রিজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে।

ঝিকরগাছা (যশোর) :যশোর-বেনাপোল সড়কের কীর্তিপুর ট্রাক টার্মিনালের সামনে সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোর সদরের রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হাসানের মৃত্যু হয়েছে। অপর সঙ্গী হাব্বি গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি নারিকেলগাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

দেবীগঞ্জ (পঞ্চগড়) :দেবীগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় দুলাল চন্দ্র রায় নামের মোটরসাইকেল আরোহী পুলিশের এএসআইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার লক্ষ্মীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দুলাল চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার ট্রেপ্রীগঞ্জ ইউনিয়নের বলরামপুর এলাকার হলেশ্বর চন্দ্র রায়ের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর থানার এএসআই হিসেবে কর্মরত ছিলেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হাসান সরকার জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।