কামান্না ট্র্যাজেডি দিবস আজ

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

আজ ২৬ নভেম্বর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না ট্র্যাজেডি দিবস। ১৯৭১ সালের এ দিনে পাক বাহিনী ও রাজাকাররা ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে হত্যা করে। কামান্না গ্রামের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের টিনের ঘর দুটি অবিকল সে অবস্থাতে সে দিনের স্মৃতি বহন করছে। কামান্না গ্রামের এক পাক বাহিনীর দালালের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবস্থানের খবর পৌঁছে যায় ঝিনাইদহ, শৈলকুপা ও মাগুরার পাকসেনা ছাউনিতে। ২৫ নভেম্বর রাতে খাবার খেয়ে মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে পড়েন। এ ঘুম ছিল তাদের জীবনের শেষ ঘুম। ভোররাতে বাড়িটি ঘিরে ফেলে পাকসেনা ও রাজাকাররা। তাদের গুলিতে শহিদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লুত্ফর রহমান জানান, সকালে গ্রামবাসী লাশগুলো এক স্থানে জড়ো করে কুমার নদের তীরে পাঁচটি গণকবরে দাফন করে।