প্রান্তিক চাষিদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ‘হলিস্টিক ও ইনোভেটিভ’ সমাধান পৌঁছে দেওয়ার লক্ষ্যে বায়ার, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি, বিশ্ব ব্যাংকের সদস্য) ও ন্যাটাফিম ২০১৮ সালে ‘বেটার লাইফ ফার্মিং’ অ্যালায়েন্সের যাত্রা শুরু করে। ২৪ নভেম্বর ২০২০ থেকে বাংলাদেশে ‘বেটার লাইফ ফার্মিং’ অ্যালায়েন্সের পথচলা শুরু হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহুল ইসলাম ভার্চুয়াল ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বেটার লাইফ ফার্মিং’ অ্যালায়েন্সের যাত্রা ঘোষণা করেন। অন্যান্য বিশিষ্টজনের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জামার্নির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্টজসহ কৃষি মন্ত্রণালয়, বায়ার, বিসিআইসি ও এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বায়ার ক্রপ সায়েন্স বাংলাদেশ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্টিজ করপোরেশন (বিসিআইসি) ও বায়ার এজির সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যবসা পরিচালিত হচ্ছে। ‘বেটার লাইফ ফার্মিং’-এর সমন্বিত উদ্দেশ্য হলো মডেল কৃষি উদ্যোক্তা তৈরি করা, যা বেটার লাইফ ফার্মিং সেন্টারের মাধ্যমে পরিচালিত হবে। প্রতিটি ‘বেটার লাইফ ফার্মিং’ সেন্টারে পাঁচ-ছয়টি গ্রামের প্রায় ৫০০ কৃষক অন্তর্ভুক্ত থাকবে, যারা তাদের উত্পাদিত পণ্য সরবরাহ করতে পারবে। সারা দেশে ইতিমধ্যে ৩৫টি ‘বেটার লাইফ ফার্মিং’ সেন্টার চালু করা হয়েছে। ২০২০ সালের মধ্যে সর্বমোট ৫০টি সেন্টার চালু করার পরিকল্পনা আছে। এই উদ্যোগের আওতায় মহিলা কৃষি-উদ্যোক্তা তৈরির মাধ্যমে মহিলা প্রান্তিক কৃষকদের কাছে সেবা পৌঁছানোর বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।—প্রেস বিজ্ঞপ্তি
