ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহের অনুমতি পেয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ হতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে এক চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এখন ব্যাংকটি চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদনের প্রস্তুতি নিচ্ছে। আইপিওর জন্য ব্যাংকটির পক্ষে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, এসবিএসি ব্যাংকের ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখভিত্তিক আর্থিক বিবরণী বিবেচনা করে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হলো। উদ্যোক্তা মূলধনের অবশিষ্টাংশ পরবর্তীতে আরপিও (রিপিট পাবলিক অফারিং) ইস্যুর মাধ্যমে সংগ্রহের লক্ষ্যে একটি সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
এ প্রসঙ্গে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী বলেন, ব্যাংকের সেপ্টেম্বর-২০ ভিত্তিক আর্থিক বিবরণী নিরীক্ষার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই আইপিও লিপিবদ্ধের জন্য আমরা বিএসইসিতে আবেদন করব।
