ইত্তেফাক রিপোর্ট
মঙ্গলবারের মতো গতকাল বুধবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।
জানা গেছে, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬১ দশমিক ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৪ দশমিক ২১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট এবং সিডিএসইসি ১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১২ দশমিক ৮২ পয়েন্ট, ১ হাজার ৬৭৪ দশমিক ৭০ এবং ৯৮৭ দশমিক ৭৮ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ২৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির বা ৪১ দশমিক ২২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১০৯টির বা ৩১ দশমিক ৮৭ শতাংশের এবং ৯২টি বা ২৬ দশমিক ৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২১ দশমিক ১৮ পয়েন্টে। গতকাল সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। গতকাল সিএসইতে ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
