ইএফডির সঠিক ব্যবহার নিশ্চিতে তদারকি বাড়ানোর নির্দেশ

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রয়ের হিসাবে স্বচ্ছতা আনতে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস-ইএফডি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শিগিগরই ঢাকা, চট্টগ্রাম ও দেশের অন্যান্য এলাকায় নির্ধারিত ব্যবসাপ্রতিষ্ঠানেও এ ধরনের মেশিন বসবে। ইএফডির সঠিক ব্যবহার নিশ্চিত করা তথা কেউ যাতে এর মাধ্যমে নতুন করে অনিয়মের রাস্তা তৈরি করতে না পারে—সেজন্য তদারকি বাড়াতে মাঠ পর্যায়ের ভ্যাট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল বুধবার ভ্যাট ও শুল্ক বিভাগের মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক রাজস্ব সভায় তিনি এ নির্দেশনা দেন। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে ঐ সভায় অক্টোবর মাসের রাজস্ব আদায় পরিস্থিতি ও ভবিষ্যত্ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ইএফডির মাধ্যমে রাজস্ব আদায় খুব বেশি না হলেও মাঠ পর্যায়ে ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি বার্তা। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।