চাটমোহরে চোর ধরতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:০৭

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহরে মহিষ চোর ধরতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী ওরফে রব্বান ওই গ্রামের মৃত তোমেজ উদ্দিন প্রাংয়ের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, একদল চোর মঙ্গলবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের কৃষক এরশাদ আলীর বাড়ি থেকে দুটি মহিষ চুরি করে কাভার্ড ভ্যানে তুলে পালাতে থাকে। বাড়ির লোকজন টের পেয়ে বিষয়টি হরিপুর ইউপি চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান বিভিন্ন স্থানে ফোন করে রাস্তায় কাভার্ড ভ্যানটি আটকাতে বলেন। হরিপুর ও ধুলাউড়িতে লোকজন গাড়িটি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রামনগর এলাকায় গোলাম রব্বানীসহ কয়েকজন গাড়িটি আটকানোর চেষ্টা করলে চোর চক্র কাভার্ড ভ্যানটি দিয়ে গোলাম রব্বানীকে চাপা দিয়ে চাটমোহর পৌর শহরের মধ্য দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই গোলাম রব্বানীর মৃত্যু ঘটে।

 থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, মহিষ চুরির বিষয়ে মামলা হয়েছে। পুলিশ চোরচক্রকে আটকের চেষ্টা করছে। নিহত গোলাম রব্বানীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।