টিকে রইল পিএসজি
স্পোর্টস ডেস্ক
টানা মাঠে খেলার অবসাদ থেকে মুক্তি দিতে এদিন অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। মেসিকে ছাড়া বার্সাই যেন চলতি মৌসুমে গড়পড়তা বার্সার চেয়ে বেশি ক্ষুরধার! অন্তত ডায়নামো কিয়েভের বিপক্ষে ফলাফলটা তাই বলছে। চ্যাম্পিয়ন্স লিগে ৪-০ গোলে জয়ে শেষ ষোল নিশ্চিত করার পর কোচ কোম্যানও বললেন, টানা খেলায় থাকাদের সরানোর ফলই পেয়েছে বার্সা! ২-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সার গ্রুপসঙ্গী জুভেন্তাস, নিশ্চিত করেছে শেষ ষোল।
এদিকে পিএসজি নিজেদের বাঁচামরার লড়াইয়ে লিপজিগকে ১-০ ব্যবধানে হারিয়ে লড়াইয়ে টিকে আছে। একই রাতে বরুসিয়া ডর্টমুন্ড, ল্যাজিও, চেলসি ও ম্যানইউও জয় পেয়েছে।
মেসিহীন বার্সা প্রথমার্ধে বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। ৫৩ মিনিটে সার্জিনিও ডেস্টের অভিষেক গোলেই যেন বাঁধ ভাঙল দলের। এরপর মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোল আর অ্যান্টোয়ান গ্রিজমানের লক্ষ্যভেদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। নিশ্চিত করে শেষ ষোলয় খেলাও।
কোচ কোম্যানের প্রতিক্রিয়া, ‘কিছু ম্যাচে ফলাফলটা অন্য সব ম্যাচের চেয়ে ভালো হয়। তবে আজ খেলোয়াড়দের সতেজ থাকাটা পার্থক্য গড়ে দিয়েছে। খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে সতেজ খেলোয়াড়দের খেলিয়ে ভালো কাজই করেছি মনে হচ্ছে। পারফরম্যান্সে মরিয়া ভাবটা ফুটে উঠেছে আমাদের। প্রতিপক্ষকে চাপে রাখতে পেরেছি আমরা।’
চোটের কারণে বার্সার হয়ে এদিন মাঠে ছিলেন না জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও সার্জি রবার্তোদের মতো অভিজ্ঞরা। তাদের পরিবর্তে মাঠে আসা তরুণরাও অবশ্য এদিন দিয়েছেন নিজের সেরাটাই। তবে কোচের প্রশংসার সিংহভাগ কুড়িয়েছেন পিকের বদলে অভিষিক্ত অস্কার মিনগেসা, ‘সে তরুণ এক খেলোয়াড়। আমাদের সঙ্গে অনেক বছর থাকার কারণে সে আমাদের ধরনটা বুঝে। তার উন্নতি প্রয়োজন অবশ্যই, তবে শুরুটা ভালো করেছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
জি গ্রুপে বার্সার সঙ্গী জুভেন্তাসও শেষ ষোল নিশ্চিত করেছে ফেরেঙ্কভারোসকে হারিয়ে। এদিন গোল করে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সংখ্যাকে ১৩১-এ উন্নীত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এদিকে নেইমারের একমাত্র গোলে লিপজিগকে হারিয়ে শেষ ষোলর আশা টিকিয়ে রেখেছে পিএসজি। ‘এইচ’ গ্রুপে তাদের সঙ্গী ম্যানইউও ব্রুনো ফের্নান্দেজের জোড়া গোলে ইস্তানবুলকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। ‘এফ’ গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ড আর্লিং হালান্ডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে হারিয়েছে ক্লাব ব্রুজকে। গ্রুপের অন্য দল ল্যাজিও ৩-১ ব্যবধানে হারিয়েছে জেনিথকে। ‘ই’ গ্রুপে সেভিয়া ও চেলসিও জয় তুলে নিয়েছে একই রাতে।
ফলাফল
ক্রাসনোদার ১-২ সেভিয়া
রেনে ১-২ চেলসি
ল্যাজিও ৩-১ জেনিথ
বরুসিয়া ডর্টমুন্ড ৩-০ ক্লাব ব্রুজ
জুভেন্তাস ২-১ ফেরেঙ্কভারোস
ডায়নামো কিয়েভ ০-৪ বার্সেলোনা
পিএসজি ১-০ আরবি লিপজিগ
ম্যানইউ ৪-১ ইস্তানবুল
