লড়াইয়ে মেসি, লেভান্ডভস্কি, রোনালদোরা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫৬

ফিফা বর্ষসেরা পুরস্কার

স্পোর্টস ডেস্ক

২০২০ সালে করোনার প্রকোপে বর্ষসেরার পুরষ্কার বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। সপ্তাহদুয়েক আগে সে সিদ্ধান্ত থেকে সরে এসে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। গতকাল বুধবার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে তারা। যেখানে বর্ষসেরার দৌড়ে রবার্ট লেভান্ডভস্কির সঙ্গে আছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, সার্জিও রামোসরাও।

চলতি বছরে লেভান্ডভস্কির নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেসলিগাসহ পাঁচটি শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। তারই সুবাদে সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন লেভা। দলগতভাবে ফাঁকা থাকলেও মেসি গেলো মৌসুমে বিশটিরও বেশি গোল করেছেন, করিয়েছেনও সমানতালেই। তার অনন্য এই ‘ডাবল’ই তাকে সংক্ষিপ্ত তালিকায় নিয়ে এসেছে। এদিকে রোনালদোর আবার দলীয় ও ব্যক্তিগত সাফল্য, দুটোই আছে। যেমন আছে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের।

বর্ষসেরার তালিকায় আরো আছেন নেইমার, কিলিয়ান এমবাপে, থিয়াগো আলকান্তারা, সাদিও মানে, মোহামেদ সালাহ, ভার্জিল ফন ডাইক, ও কেভিন ডি ব্রুইনা।

একই দিনে প্রকাশিত হয়েছে সেরা নারী ফুটবলার, সেরা গোলকিপার, সেরা কোচ ও সেরা গোলের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকাও।

১৯৯১ সালে প্রথমবারের মতো পুরষ্কার দেওয়ার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত ছিল ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার নামে। এরপর ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ব্যালন ডি’অরের সঙ্গে মিলে এটি দেওয়া হতো ফিফা ব্যলন ডি’অর নামে। তবে ২০১৬ সাল থেকে আবারও স্বতন্ত্রভাবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডস নামে বর্ষসেরাদের পুরষ্কৃত করার পদ্ধতি প্রচলিত হয়।