স্পোর্টস রিপোর্টার
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গ্রেগ বার্কলে। ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যুক্ত আছেন আইনজীবী বার্কলে। পরে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধানও হয়েছিলেন তিনি। আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান তিনি।
আইসিসির চেয়ারম্যান নির্বাচনে বার্কলে হারিয়েছেন সিঙ্গাপুরের ইমরান খাজাকে। শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি। নিয়ম অনুযায়ী ১৬ ভোটের দুই-তৃতীয়াংশ পেতে হবে জয়ের জন্য। প্রথম দফায় ১০-৬ ভোটে এগিয়ে ছিলেন বার্কলে। পরে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকার ভোটও পান তিনি। তাতেই ক্রিকেটের অভিভাবক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বার্কলে।
পরে নিজের বক্তব্যে তিনি বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়া সম্মানের। আমি আইসিসির সম্মানিত ডিরেক্টরদের ধন্যবাদ দিতে চাই তাদের সমর্থনের জন্য। আমি আশা করি আমরা সবাই মিলে খেলাটাকে এই মহামারির মধ্যেও এগিয়ে নিয়ে একটা শক্ত অবস্থানে নিতে পারব।’
