চট্টগ্রাম নগরীর অর্ধেক সিসি ক্যামেরাই নষ্ট!

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২২:১৮

অপরাধ দমনে নজরদারি বাড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরাগুলোর মধ্যে প্রায় অর্ধেকই নষ্ট। ২০১৪ সালে নগরীর চারটি প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ সাতটি স্থানে সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেয় চট্টগ্রাম মহানগর পুলিশ। ঐ সময় ১০৪টি ক্যামেরা লাগানো হয়। সেগুলোর মধ্যে বর্তমানে ৪৫টি অচল। যে কয়টি সচল আছে সেগুলোও রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হওয়ার পথে। এ কারণে অপরাধী শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে।  সিসি ক্যামেরা নষ্ট থাকায় অপরাধীদের অপকর্ম করতে সুবিধা হচ্ছে। সম্প্রতি নগরীতে খুন, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়েছে। নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তত্পরতা। এসব ঘটনায় থানায় মামলা দায়েরের পর দ্রুত অপরাধী শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সিসি ক্যামেরার ফুটেজ না থাকায় অপরাধী ধরতে বিলম্ব হয়। এতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। বিষয়টি পুলিশের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে ষোলশহর দুই নম্বর গেটের ট্রাফিক পুলিশ বক্সে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশসহ পাঁচ জন আহত হয়। পরে ঐ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের কোনো সিসি টিভি ফুটেজ পায়নি পুলিশ। এ কারণে ঐ ঘটনায় জড়িতদের ধরতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। ঐ সময় ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তত্কালীন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান পুলিশ বক্সসহ আশপাশের এলাকায় সিসি ক্যামেরা প্রতিস্থাপন করার কথা জানান। কিন্তু এখনো সেখানে ক্যামেরা লাগানো হয়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মোস্তাক আহমেদ খান জানান, চার বছর আগে লাগানো সিসি ক্যামেরাগুলোর মধ্যে বর্তমানে ৭০টির মতো সচল আছে। ৪০ থেকে ৪৫টির মতো ক্যামেরা অচল। স্বল্পতম সময়ের মধ্যে এগুলো মেরামত করে সচল করা হবে।