পত্নীতলায় তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২২:১৯

নওগাঁর পত্নীতলায় অনুমোদনহীন একটি ক্লিনিকের এক কর্মচারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে ক্লিনিকের মালিকের বিরুদ্ধে। এদিকে তেঁতুলিয়ায় দুই স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গঙ্গচড়ায় এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক লম্পট। গঙ্গাচড়ায় ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন এক ইউপি চেয়ারম্যান।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলায় অনুমোদনহীন নজিপুর ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশনিস্ট পদে কর্মরত তানিয়া আকতার মিমকে (২০) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে ক্লিনিকের মালিক এস এম নাজিম উদ্দিন বাবুর বিরুদ্ধে। হত্যার ঘটনাটি আত্নহত্যা বলে চালানোর জোর প্রচেষ্টা হচ্ছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ক্লিনিকের মালিক এস এম নাজিম উদ্দিন বাবু, তার স্ত্রী মোমেনা বেগম ও ভাতিজা রকিকে আসামি করে নওগাঁ ৪ নম্বর আমলি আদালতে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে মিমের বাবা মিজানুর রহমান গতকাল বুধবার জানিয়েছেন। এস এম নাজিম উদ্দিন পত্নীতলা উপজেলার কাঞ্চন দক্ষিণপাড়ার গ্রামের মৃত               মহির উদ্দিনের ছেলে। গত ১৮ নভেম্বর সকালে ঐ ডায়াগনস্টিক সেন্টারের একটি ঘর থেকে বিবস্ত্র অবস্থায় তানিয়া আকতার মিমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিম জেলার ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের ভ্যানচালক দরিদ্র মিজানুর রহমানের মেয়ে। মিম ধামইরহাট সরকারি এম এম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারের হাল ধরতে তানিয়া আকতার মিম এক বছর আগে ঐ ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশনিস্ট পদে যোগ দেন। এর পর থেকে ক্লিনিকের মালিক এস এম নাজিম উদ্দিন বাবুর কুদৃষ্টি পড়ে তার ওপর। তার কুদৃষ্টি থেকে বাঁচতে কয়েকবার মিম বাড়িতে চলে গেলেও মালিক মোবাইল ফোনে চাপ দিয়ে তাকে ক্লিনিকে আসতে বাধ্য করেন। ক্লিনিকের নিচতলার একটি ঘরে মিম তার সহকর্মী মাকসুরার সঙ্গে থাকতেন। তবে ঘটনার দিন মঙ্গলবার তার সহকর্মী ছুটিতে থাকায় রাতে মিম একাই ছিলেন।

তেঁতুলিয়ায় দুই স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার

পঞ্চগড় প্রতিনিধি ও তেঁতুলিয়া সংবাদদাতা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তেঁতুলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।  পুলিশ বুধবার বিকালে তিন যুবককে গ্রেফতার করেছে। তারা হলো, তেঁতুলিয়া উপজেলার কাউরগছ গ্রামের হাফিজউদ্দিনের ছেলে ওমর ফারুক ইমন, বামনপাড়া গ্রামের এনামুল হকের ছেলে মো. সোহাগ ও কাউরগছ গ্রামের দারাজউদ্দিন ওরফে গুমানুর ছেলে আনোয়ার হোসেন। পুলিশ বুধবার বিকালে ঐ দুই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার মঙ্গলবার দুপুরে ঐ দুই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে যায়। সারাদিন বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাতে তাদের ওমর ফারুক ইমনের কাছে হস্তান্তর করে আনোয়ার। এরপর ইমন, আনোয়ার ও সোহাগ দুই কিশোরীকে দেবনগর ইউনিয়নের পাথরঘাটা নিজবাড়ি এলাকার আব্বাস আলীর বাসায় নিয়ে যায়। সেখানে তারাসহ অপর আসামিরা ঐ দুই কিশোরীকে ধর্ষণ করে। এতে দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের সেখানে ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। 

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করেছে এক লম্পট। ঘটনাটি ঘটেছে গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামে। এ ঘটনায় কিশোরীর বাবা মঙ্গলবার গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, উমর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে এক সন্তানের জনক আল আমিন (২৭) বিগত কয়েক মাস ধরেই ঐ স্কুলছাত্রীকে প্রাইভেট কোচিংয়ে যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করত। দিন দশেক আগে আলামিন ঐ কিশোরীকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি হয়নি মেয়েটি। গত ১৮ নভেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘরের বাইরে এলে আগে থেকে ওত পেতে থাকা আলামিন ও তার কয়েক জন সঙ্গী ঐ ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় এবং আলামিনের ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীটি অজ্ঞান হয়ে পড়লে ধর্ষকেরা পালিয়ে যায়। পরদিন সকালে পরিবারের লোকজন মেয়েটিকে আলামিনের ঘর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

আবারও ধর্ষণ মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান

গাইবান্ধা প্রতিনিধি জানান, আবারও ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল। মঙ্গলবার দিবাগত রাতে ঐ ইউনিয়নের লেংগাবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।