বিদেশিদের কাছে নয় দেশবাসীর কাছে নালিশ করুন

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২২:২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে নালিশ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে, আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তাদের মুখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের কথা মানায় না। তারা কীভাবে স্বাধীনতা রক্ষা করবে? গতকাল বুধবার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন জনমুখী নয়। তারা এখন তাকিয়ে থাকে টেমস নদীর তীরের দিকে। বিএনপির নেতৃত্বের              কোনো সক্ষমতা নেই, যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারা নির্দেশ পালনকারী মাত্র। জনগণও বুঝতে পারছে—পুতুল কোথা থেকে নাচানো হয় আর সুতার টান কোথায়? ‘আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই’ মর্মে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য, তাদের মুখে এ কথা ভূতের মুখে রাম নাম ধ্বনির মতো। বিএনপির গণতন্ত্র হচ্ছে, রাতের বেলায় কারফিউ, আর নিজ দলে বছরের পর বছর কমিটি গঠনে ব্যর্থ হওয়া।

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাদের কথা শুনলে মনে হয়, দেশটা তারা স্বাধীন করেছে। আর আওয়ামী লীগ সাইড লাইনে বসে বসে দেখেছে! বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এ দেশের স্বাধীনতা এসেছে। এ দেশের রাজনীতিতে সততা আর ত্যাগের প্রতীক হচ্ছেন বঙ্গবন্ধু পরিবার উল্লেখ করে কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারের হাতে কোনো ভাঙা সুটকেস ছিল না, যা থেকে বড় বড় জাহাজ বেরিয়ে আসবে। ছিল শুধু জনগণের ভালোবাসা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ক্ষমতা ভাগাভাগি আর উচ্ছিষ্ট ভোগ করা বিএনপির ঐতিহ্য, আর ভোগবিলাস দুর্নীতি, ষড়যন্ত্র বিএনপির মজ্জাগত। বিএনপি ক্ষমতাকে নিজেদের ভাগ্যবদলের উত্স মনে করে। বঙ্গবন্ধু পরিবার নিয়ে মনগড়া কথা এবং মিথ্যাচার বিএনপির বিকৃত মানসিকতা আর ইতিহাস বিকৃতির ধারাবাহিকতা মাত্র।

আগামী দুই বছরের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডব্লিউএইচও, এফএও এবং ওআইই কর্তৃক ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের (এএমআর) কো-চেয়ারম্যান মনোনীত হওয়ায় দেশের জনগণ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।