সংসদীয় গণতন্ত্রে হুমায়ুন রশীদ চৌধুরীর অবদান অনস্বীকার্য -------------স্পিকার

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২২:২৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা অনুসরণীয়; যা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধে ও রাষ্ট্র পরিচালনায় সফল কূটনীতিক হিসেবে এবং সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে স্পিকার হিসেবে তার অবদান অনস্বীকার্য।

স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর বিআরটিসি সম্মেলন কক্ষে ‘স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি              পরিষদ’ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন স্পিকার।

শিরীন শারমিন বলেন, ১৯৫৩ সালে মেধার স্বাক্ষর রেখে ফরেন সার্ভিসে যোগ দিয়ে নিজ পেশার পরোয়া না করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী। চল্লিশটি দেশে তিনি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কূটনৈতিক তত্পরতা চালিয়েছেন যা বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ। এ থেকেই তার দায়িত্বশীল ব্যক্তিত্বের সর্বোচ্চ দিকটি প্রতিভাত হয়।  আয়োজক সংগঠনের সভাপতি নজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এহছানে এলাহীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ুু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।