ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে মধ্যবয়সি এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নির্মাণাধীন বাড়িটির মালিকের নাম জলিল তালুকদার। ঐ নারীর দুপায়ের গোড়ালি ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, ঐ নারীর নাম শাহানাজ আক্তার।
পুলিশ পার্শ্ববর্তী বেলায়েত মুন্সির ৬ তলা ভবনের ছাদ থেকে একটি ব্যাগের ভেতরে শাহানাজ আক্তার, পিতা জালাল আহমেদ, ঠিকানা দক্ষিণ পিপলিতা, বাসন্ডা, ঝালকাঠি ঠিকানার জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা, বোরকা, স্যান্ডেল উদ্ধার করেছে।
জানা গেছে, শাহনাজ ঝালকাঠি বাসন্ডার এনএস কামিল মাদ্রাসার মসজিদের মোয়াজ্জিন আব্দুল আহাদের স্ত্রী। আব্দুল আহাদ জানান, শাহনাজ পিপিলিতা গ্রামে গণশিক্ষা বিদ্যালয়ে শিশুদের পড়াতেন। মানসিকভাবেও কিছুটা অসুস্থ। সকালে মেয়েকে নিয়ে ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন শাহানাজ। মেয়ে বাসায় ফিরলেও সে ফেরেনি। আহাদ বলেন, বেলায়েত মুন্সি আমার মামাতো ভাই। বছর খানেক আগে আমার সঙ্গে স্ত্রী শাহনেওয়াজ তার বাসায় গিয়েছিল। এখন শুনছি তার লাশ পাওয়া গেছে। তাই তাকে শনাক্ত করতে থানায় যাচ্ছি। এ বিষয়ে বেলায়েত মুন্সি বলেন, এই মহিলাকে আমি চিনি না। সে আমার বাসায়ও আসেনি আজ। আমার ছাদে কীভাবে তার ব্যাগ এলো তা আমি বলব কিভাবে?
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবিবুল্লাহ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
