করোনায় অপেক্ষাকৃত ঝুঁকিমুক্ত বাহন মোটরসাইকেল!

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০০:২৭

গুগল কোভিড-১৯ কমিউনিটি মোবিলিটি রিপোর্টে বলা হয়েছে, করোনা সংক্রমণকালে বাস ট্রেনসহ গণপরিবহনে চলাচল ৩৬ শতাংশ কমেছে। লকডাউন পরবর্তী সময়ে গণপরিবহন থেকে ব্যক্তিগত পরিবহন যেমন, প্রাইভেট কার, মোটরসাইকেল, বাইসাইকেল ব্যবহারের দিকে বেশিমাত্রায় ঝুঁকতে থাকে মানুষজন। কিন্তু বাংলাদেশের মতো দরিদ্র দেশে সিংহভাগ মানুষেরই প্রাইভেট কার ব্যবহারের সামর্থ্য নেই। সুতরাং তারা মোটরসাইকেল, সাইকেল ও পায়ে হাঁটাকেই উপযুক্ত মনে করছেন।

সম্প্রতি ‘কোভিড-১৯ পরবর্তী বাংলাদেশে যানবাহন ব্যবহারে পরিবর্তনের সম্ভাবনা বিষয়ক’ এক বেসরকারি জরিপ প্রকাশিত হয়। ‘ইন্টারজেনারেশনাল পারসপেকটিভ অব ট্রাভেল বিহেভিয়ার’-এর ওপর গবেষণারত কানাডার অন্টারিওর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের পিএইডি গবেষক শায়লা জামাল উল্লিখিত জরিপটি পরিচালনা করেন। ৩০০ স্যাম্পল সাইজের ওপর পরিচালিত এ জরিপে দেখা গেছে, ভাইরাস সংক্রমণে ঝুঁকিমুক্ত বাহন হিসেবে মোটরসাইকেলের অবস্থান সবার শীর্ষে।

জরিপে অংশগ্রহণকারী ৮০ শতাংশেরও বেশি মানুষ মনে করে মোটরসাইকেলে শারীরিক ও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব। ৭৯ শতাংশ মানুষের মতে, কোভিড-১৯ পরিস্থিতিতে মোটরসাইকেলই অপেক্ষাকৃত নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাহন। ৮৪ শতাংশ মানুষ মনে করে মোটরসাইকেল পরিবহন হিসেবে সুবিধাজনক। ৬৯ শতাংশ মানুষ মনে করে মোটরসাইকেল তাদের জন্য সাশ্রয়ী বাহন। জরিপে অংশগ্রহণকারী ৩৩ শতাংশ মানুষ আগামী এক বছরের মধ্যে মোটরসাইকেল কেনার ইচ্ছাও পোষণ করেন। সাধারণ জনগণ, স্বাস্থ্যবিশেষজ্ঞ, পরিবহন-পরিকল্পনাকারী ও বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের এই দুঃসময়ে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচলে মোটরসাইকেলই সবচেয়ে সেরা বাহন।