অবশেষে  বাইডেনকে অভিনন্দন জানালেন জিনপিং

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১০:২৫

 নবনির্বাচিত মার্কিন  প্রেসিডেন্ট  জো বাইডেনকে  জয়ের অভিনন্দন জানালেন চীনের  প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার টেলিগ্রামে জিনপিং তাঁর শুভেচ্ছা বার্তা পাঠান। 

 বাইডেনকে পাঠানো অভিনন্দন বার্তায় জিনপিং আশা প্রকাশ করেছেন, দুই দেশ যেন আর কোনও সংঘাত বা সংঘর্ষে না যায়। পারস্পরিক সম্মান ও সহযোগিতার মধ্যে দিয়ে বিশ্ব শান্তি ও উন্নয়নের মহৎ উদ্দেশ্যে অগ্রসর হওয়ার জন্য বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, দু’দেশের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল বিকাশ তাদের নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে জড়িত বলেও জানান তিনি। জিনপিং ছাড়াও চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিসের উদ্দেশে। 

বিগত কয়েক মাসে  চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বাণিজ্য থেকে শুরু করে মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রভৃতি নানা বিষয়ের সংঘাতের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছিল করোনা মহামারি। ওয়াশিংটন বারবার চীনকে দায়ী করেছে সারা বিশ্বে করোনা ছড়ানোর জন্য। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত বহুবার করোনা ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন ।  

ইত্তেফাক/এআর