গত রবিবার প্রথম ধাপে নির্বাচন কমিশন থেকে পীরগঞ্জসহ ২৫টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পীরগঞ্জ পৌরসভার প্রতিটি অলিগলি, হোটেল-রোস্তোরা ও চায়ের দোকান। সম্ভাব্য প্রার্থীরা ভোট ও দোয়া নিতে ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানসমূহে তাদের উপস্থিতি লক্ষণীয়ভাবে বেড়েছে। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের সম্ভাব্য প্রার্থীদের স্থানীয়ভাবে তালিকা চূড়ান্ত করে প্রার্থী মনোনয়নের জন্য প্রস্তাব জেলায় প্রেরণ করেছে বলে সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে।
দলের পক্ষ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেতারা হক, পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক কমিশনার আব্দুল খালেকের নাম সুপারিশ করেছে পৌর আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক তার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাওনুল হক বিপ্লব উপস্থিত ছিলেন। এদিকে বর্তমান পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক কশিরুল আলমের নাম পৌর আওয়ামী লীগ সুপারিশ না করায় তিনি মনোনয়ন পেতে জেলা ও কেন্দ্রের দারস্থ হবেন বলে জানান।
এছাড়া বিএনপি’র সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি একেএম মঈনুল হোসেন সোহাগ, সহ-সভাপতি ও সাবেক পৌর কমিশনার জয়নাল আবেদীন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু ও পৌর যুবদল সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক প্রচারনা চালালেও ঠাকুরগাঁও জেলা বিএনপি সোমবার রাতে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার পক্ষে ‘গ্রীন সিগনাল’ দিয়েছে বলে রেজাউল করিম রাজা দাবি করেন। তবে এখনো হাল ছাড়েননি বিএনপি’র অন্য প্রার্থীরাও।
জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী পৌর জাতীয় পার্টির আহবায়ক তৈয়ব আলীর মনোনয়ন স্থানীয়ভাবে চুড়ান্ত করেছে বলে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম নিশ্চিত করেছেন। অবশ্য বাম ও ইসলামী দলগুলোর কোন প্রার্থীকে এখন পর্যন্ত নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না।
উল্লেখ্য ১৯৮৯ সালের ১০ আগস্ট পীরগঞ্জ পৌর পৌরসভা গঠিত হলে ১৯৯৩ সালে প্রথম পৌর নির্বাচনে চেয়ারম্যান হন জাতীয় পার্টির এমএ গফফার, ১৯৯৯ সালে দ্বিতীয় নির্বাচনে চেয়ারম্যান হন গোলাম হোসেন (জাতীয় পার্টি), ২০০৪ সালে তৃতীয় নির্বাচনে আওয়ামীলীগের কশিরুল আলম, ২০১১ সালে চতুর্থ নির্বাচনে বিএনপি’র রাজিউর রহমান রাজু ও ২০১৬ সালে পঞ্চম নির্বাচনে আওয়ামীলীগের কশিরুল আলম দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।
ইত্তেফাক/জেডএইচডি
