পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাষ্ট্রের অর্থ বেশি ব্যয় হবে তাদের জন্য, যারা নিম্ন আয়ের মানুষ। আমাদের টাকার অভাব নেই। তবে এখন থেকে লক্ষ্যভিত্তিক অর্থ ব্যয়ের দিকে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার পানি, স্যানিটেশন ও হাইজিন-বিষয়ক ন্যায্যতা ভিত্তিক বাজেট বরাদ্দ শীর্ষক এক ওয়েবিনার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমরা উন্নত দেশে যেতে চাচ্ছি। উন্নত দেশের প্রধান পরিচয় হবে সার্বক্ষণিক বিদ্যুত্ ও পানি সরবরাহ। আমরা সেই চেষ্টা চালাচ্ছি। অনেকটা সফলও হয়েছি; কিন্তু তারপরও আরো কাজ করতে হবে। বাজেটে ওয়াস সেক্টরে বরাদ্দ আরো বাড়ানো প্রয়োজন। আমাদের অর্থ খরচের টার্গেট নিয়ে নানা ঝামেলা হয় অনেক সময়। নানা ধরনের চাপ থাকে। এজন্য একরাতেই ওয়াস সেক্টরে বেশি বরাদ্দ দেওয়া হয়তো সম্ভব হবে না; কিন্তু সরকার বরাদ্দ বাড়াচ্ছে এবং সেটি অব্যাহত থাকবে। শহরের সব সুবিধা গ্রামে পৌঁছানো আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
