সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যবসা (ট্রেডিং) উপখাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাত্সরিক ঋণ বা বিনিয়োগের আনুপাতিক হার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩৫ শতাংশে পুনর্নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্ধিত এ আনুপাতিক হার আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সবগুলো তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধান বরাবর চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডি বিভাগ। এর আগে সরকার করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য সরকার ২০ হাজার কোটি টাকার চলতি মূলধন দেওয়ার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এ প্যাকেজের অর্ধেক অর্থের যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত সার্কুলার মতে, এ প্রণোদনা প্যাকেজের আওতায় অনুপাত বাত্সরিক ঋণ বা বিনিয়োগের ৩০ শতাংশের বেশি হলে (যা কোনোভাবেই ৩৫ শতাংশের অধিক হতে পারবে না) সমানুপাতিক হারে উত্পাদন ও সেবা উপখাতে প্রদত্ত ঋণ বা বিনিয়োগের অনুপাত কমবে।
