এনার্জিপ্যাকের আইপিওতে আবেদন শুরু ৭ ডিসেম্বর

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:১৪

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এনার্জিপ্যাক পাওয়ারের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ৭ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, কোম্পানিটির আইপিওতে ৭ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ১৩ ডিসেম্বর। গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (প্রান্তসীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) ইস্যু করা হবে। কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। এর আগে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অব প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে এই দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি শেয়ার ইস্যু করা হবে।