শ্রদ্ধা জানালেন তারা

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:১৮

দিয়েগো ম্যারাডোনার মৃত্যু আদতে ছুঁয়ে গেছে গোটা বিশ্বকেই। তাকে চর্মচক্ষে দেখা, কাছের মানুষদের শোকটা আরো কয়েক গুণ বেশিই। তবুও সে শোক সামলে পরিবারকে সমবেদনা, আর আর্জেন্টাইন কিংবদন্তিকে ধন্যবাদ জানিয়েছেন পেলে, মেসি, রোনালদো ও নেইমাররা। তালিকা থেকে বাদ পড়েননি বাংলাদেশ ফুটবল তারকা জামাল ভুঁইয়া, আশরাফুল রানারাও।

পেলে

খুবই দুঃখ জাগানিয়া এক খবর। আমি হারালাম আমার অকৃত্রিম এক বন্ধুকে, বিশ্ব হারাল এক কিংবদন্তি। অনেক কিছুই বলার আছে, তবে আপাতত পরিবারের জন্যে শোকটা সামলানোর মতো শক্তি কামনা করছি। আশা করি কোনো এক দিন তুমি আর আমি একসঙ্গে ফুটবল খেলব, স্বর্গে।

লিওনেল মেসি

আর্জেন্টিনার জন্যে, ফুটবলের জন্যেও দিনটা বেশ দুঃখের। তিনি আমাদের ছেড়ে যাচ্ছেন, কিন্তু তিনি একেবারেই যাচ্ছেন না; কারণ দিয়েগো অনন্ত। তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতির মণিকোঠায় আগলে রাখব সযত্নে, তার পরিবার ও বন্ধুদেরকে সমবেদনা জানাচ্ছি।

ক্রিশ্চিয়ানো রোনালদো

আজ এক বন্ধুকে বিদায় বলতে হচ্ছে আমার, আর বিশ্ব এক মেধাবীকে বিদায় বলছে। সর্বকালের অন্যতম সেরা, একজন অনন্য জাদুকর। খুব অকালেই চলে যাচ্ছেন। তবে তিনি এমন একটা প্রভাব রেখে যাচ্ছেন যার কোনো সীমা নেই, এমন একটা শূন্যতা রেখে যাচ্ছেন যা পূরণ করা অসম্ভব। শান্তিতে থাকুন গুরু। আপনাকে কখনো ভুলে যাওয়া সম্ভব নয়।

 নেইমার

যেখানেই যাচ্ছেন, ভালো থাকুন কিংবদন্তি।

জামাল ভুঁইয়া

গোটা বিশ্বই আপনার শূন্যতায় ভুগবে, দিয়েগো। আপনি বিশ্বকে অনেক কিছুই দিয়েছেন। শান্তিতে থাকুন কিংবদন্তি।

আশরাফুল রানা

কী অসাধারণ খেলোয়াড়, কিংবদন্তি! ফুটবলের জন্যেই বড় দুঃখের দিন আজ। বিদায়, মহান দিয়েগো আরমান্দো ম্যারাডোনা।