ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে নশ্বর পৃথিবী ছেড়েছেন ‘ফুটবল ঈশ্বর’। বুধবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। শুধু ফুটবলই নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সুপারস্টার ম্যারাডোনার মহাপ্রয়াণে শোকাচ্ছন্ন ক্রিকেটাঙ্গন।
তার ফুটবল জাদুর মোহে আচ্ছন্ন ক্রিকেটাররাও এখন শোকে কাতর। ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা শোক প্রকাশ করেছেন ম্যারাডোনার মৃত্যুতে।
স্বদেশে ম্যারাডোনার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। বিসিসিআই সভাপতি লিখেছেন, ‘আমার নায়ক আর নেই। মাই ম্যাড জিনিয়াস রেস্ট ইন পিস। আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন কিংবদন্তির চিরবিদায়ে শোক প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, ক্যারিবিয়ান ব্রায়ান লারা, পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস, ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা, পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেন ভনসহ অনেকে।
আর্জেন্টাইন ভক্ত হিসেবে সারা দেশেই পরিচিত বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি, সাকিব। ম্যারাডোনার মৃত্যু পুড়িয়েছে তাদের হূদয়কেও। মাশরাফি লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেক ওপারে জাদুকর। দ্য ড্রিবলিং মাস্টার দিয়াগো আরমান্দো মারাদোনা।’
ম্যারাডোনার স্তুতিতে সাকিব লিখেছেন, ‘এমন কয়েক জন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে ওঠেন। দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই না।’
