সারাদেশে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:২৮

নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা ও উপজেলা শহরে তারা কর্মবিরতিতে নেমেছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বগুড়া :১২টি উপজেলায় কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বগুড়া সদর উপজেলা শাখার উদ্যোগে সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে কর্মবিরতি পালন করা হয়।

নড়াইল :বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।

জয়পুরহাট : বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি যৌথভাবে কেন্দ্রীয় কমিটির আহ্বানে পূর্বঘোষণা অনুযায়ী এই কর্মসূচি পালন করছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে স্বাস্থ্য সহকারীরা জানান।

ব্রাহ্মণবাড়িয়া : চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সদরে কর্মরত ৬০ জন এ কর্মসূচিতে অংশ নেন। একই দাবিতে জেলার নাসিরনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী এ কর্মসূচিতে অংশ নেয়।

বাগেরহাট :গতকাল সকাল থেকে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এর ফলে জেলায় টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

সরিষাবাড়ী (জামালপুর) : গতকাল সকালে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা।

বড়াইগ্রাম (নাটোর) :উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম দিনের কর্মবিরতি পালনকালে অ্যাসোসিয়েশনের জেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মির্জাপুর (টাঙ্গাইল) :স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে প্রতিবাদ সমাবেশ করেছেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন ও হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মুলাদী (বরিশাল) : সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মুলাদী উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে।

রাজাপুর (ঝালকাঠি) : সকাল ১০টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অর্ধ শতাধিক স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু হয়। এতে উপজেলার দের শতাধিক টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ রয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর) :সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি শুরু করে। এতে স্থানীয় স্বাস্থ্য সেবাপ্রত্যাশিরা পড়েছেন চরম বিপাকে।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : গতকাল সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করছে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য সহকারীরা।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৩২ জন স্বাস্থ্য সহকারী এবং পাঁচ জন সহস্বাস্থ্য সহকারী কর্মবিরতি কর্মসূচি পালন করে। এ সময় ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে কর্মবিরতি পালন করার কথাও বলা হয়। বক্তব্য রাখেন পিরোজপুর জেলা হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন, উপজেলা হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক  এ জেড সায়েম, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি পালন শুরু হয়।

ইসলামপুর (জামালপুর) :জামালপুর জেলার ইসলামপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট ও হেলথ ইন্সপেক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) :গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

তিতাস (কুমিল্লা) :উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন স্বাস্থ্য সহকারীরা।

বেনাপোল (যশোর) : শার্শা উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন।

এছাড়া নরসিংদীর পলাশ, পটুয়াখালীর দশমিনা, মাদারীপুরের কালকিনি, শরীয়তপুরের ডামুড্যা, নীলফামারীর ডিমলা, বরিশালের আগৈলঝাড়া, জয়পুরহাটের কালাই, বাগেরহাটের শরণখোলা, মৌলভীবাজারের কমলগঞ্জ, লালমনিরহাটের কালীগঞ্জ, নরসিংদীর রায়পুরা, কুড়িগ্রামের রৌমারী, বরগুনার বামনা, সিরাজগঞ্জের উল্লাপাড়া, মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু হয়েছে।