বড়াইগ্রামে জীবন বিমার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার চান্দাই ইউনিয়নের দেওগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশ হূদয় (২০) ও শামীম (২২) নামে দুই জনকে আটক করেছে। স্থানীয়রা জানায়, দেওগ্রামের মুনসুর রহমান জীবন বিমার এজেন্ট হিসেবে কাজ করেন। প্রায় বছর খানেক আগে একই গ্রামের ছামের আলীর তিন ছেলেসহ অন্যান্য গ্রাহকের বিমার মেয়াদ শেষ হলেও তারা লভ্যাংশসহ টাকা জমা দেয়নি। এ নিয়ে বুধবার সন্ধ্যায় তর্কবিতর্কের এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের মহিলাসহ ১০ জন আহত হন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় ইতিমধ্যে দুই জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
