গাইবান্ধায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:৩৫

গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মারুফুল ইসলাম ওরফে মারুফ (২০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুরাদ এ মওলা সোহেল এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মারুফুল গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। সে রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিল বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন। তিনি আরো জানান, ২০১২ সালের ২৭ ডিসেম্বর দুপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে মারুফুল। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।