বাকৃবির আমবাগান থেকে অটোচালকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:৩৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকা থেকে একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম দুলাল মিয়া (৩৫)। তিনি তারাকান্দা উপজেলার তাতরাকান্দা গ্রামের আবদুল খালেকের ছেলে। দুলাল মিয়া ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুক হোসেন জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে নিহত ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তার পিঠসহ একাধিক জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।